কয়েকদিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদে পৌঁছে দেওয়া হয়। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। এ পদত্যাগপত্রে ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব নয় বলে উল্লেখ করা হয়েছে।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এর আগে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যেই নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার সকালে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সাংবিধানিক বিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।